সিলেটে সাংবাদিকের ছবি ‘এআই’ দিয়ে বিকৃত করে অপপ্রচার: মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ
সিলেট প্রতিনিধি:
সিলেটে প্রবীণ ফটোসাংবাদিক ও এসএ টিভির ভিডিও জার্নালিস্ট বদরুর রহমান বাবরের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিকৃত ও আপত্তিকরভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সিলেট সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা মামলাটি আমলে নিয়ে আদালত এর সত্যতা ও কারিগরি দিক তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন।
মামলার আরজি সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল উত্তর বালুচর এলাকায় অবৈধ টিলা কাটার একটি সচিত্র প্রতিবেদন এসএ টিভিতে প্রচার করেন সাংবাদিক বাবর। এর পরপরই একটি চক্র তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, ওই চক্রটি পরস্পর যোগসাজশে এআই প্রযুক্তি ব্যবহার করে তার ছবি বিকৃত করে বিভিন্ন ফেসবুক পেজ ও আইডি থেকে প্রচার করে।
মামলায় পাঁচজনকে নামীয় আসামি করা হয়েছে। তারা হলেন—রিজালাল উদ্দিন (৫৫), জাহাঙ্গীর মিয়া (৩০), শাকিল আহমদ (২৩), আহমদ ইউসুফ ওরফে ইউসুফ আলী এবং শাহিন মিয়া (২৬)। এছাড়া অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী মুহাম্মদ তাজউদ্দীন বলেন, “ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করে একজন সাংবাদিকের মানহানির চেষ্টা করা হয়েছে। এটি সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।”
ভুক্তভোগী সাংবাদিক বদরুর রহমান বাবর বলেন, “দীর্ঘদিন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের অপপ্রচার আমাকে বিব্রত করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
শুনানি শেষে আদালত মামলাটি গ্রহণ করে দ্রুত সময়ের মধ্যে সিআইডিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬