কিশোর গ্যাং দমনে বসিলা থানা স্থাপনের পরিকল্পনা চলছে
রাজধানীর মোহাম্মদপুর ও বসিলা এলাকায় কিশোর গ্যাংসহ নানা ধরনের অপরাধ দমনে নতুন করে বসিলা থানা স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য ববি হাজ্জাজ।
শনিবার মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং এলাকায় বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
সভায় প্রতিমন্ত্রী বলেন, এলাকায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে বসিলা থানা স্থাপনের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি এলাকার বিভিন্ন হাউজিং সোসাইটি ও বাড়ি মালিক সমিতির সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে স্থানীয় সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে কাজ করা হবে।
এ সময় তিনি পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য পরিবেশ গড়ে তোলার ওপর জোর দেন। নির্ধারিত স্থান ছাড়া যেখানে-সেখানে ময়লা ফেললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়নে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, রাস্তা সম্প্রসারণ বা উন্নয়ন কাজে জনগণের সহায়তা ছাড়া পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে।
শিশু ও কিশোরদের জন্য খেলার মাঠের ব্যবস্থা করার আশ্বাসও দেন তিনি। একই সঙ্গে এলাকার নিরাপত্তা বাড়াতে প্রতিটি বাড়ির সামনে সড়কের পাশে দুটি করে বাতি স্থাপন এবং প্রয়োজন অনুযায়ী সিসি ক্যামেরা লাগানোর আহ্বান জানান।
গ্যাস সংকট নিয়ে স্থানীয়দের অভিযোগের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।
মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দা, বাড়ি মালিক সমিতির প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬