স্কুল বন্ধ ও অনলাইন ক্লাসের নির্দেশনা চেয়ে রিট, শুনানি সোমবার
দেশে হামের সংক্রমণ বাড়তে থাকায় শিক্ষার্থীদের সুরক্ষায় সব স্কুল-কলেজ বন্ধ রেখে অনলাইনে পাঠদান চালুর নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। এ বিষয়ে সোমবার সংশ্লিষ্ট বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।
আদালত সূত্রে জানা যায়, বিচারপতি রাজিক আল জলিল ও দেবাশীস রায়ের বেঞ্চে রোববার (১৯ এপ্রিল) রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হলে আদালত পরদিন তারিখ নির্ধারণ করেন।
এর আগে হামে ৪৭ জন শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে একই আদালতে আরেকটি রিট দায়ের করা হয়। পাশাপাশি সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আবেদনও জানানো হয়। গত ২ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দাখিল করা হয়েছিল। তবে অবকাশকালীন সময়ে দুটি বেঞ্চই বিষয়টি শুনতে সম্মত হয়নি।
রিট আবেদনে বলা হয়েছে, সময়মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার সরবরাহ ঠিক রাখতে না পারা, স্বাস্থ্যসেবার দুর্বলতা এবং জরুরি প্রতিক্রিয়ায় ঘাটতি, সবই সংবিধান লঙ্ঘনের শামিল। একই সঙ্গে হামের টিকা কেনা সংক্রান্ত অনিয়মের অভিযোগে দুদকে তদন্তের আবেদনও জানানো হয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে হামের সংক্রমণ ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে সরাসরি ক্লাস বন্ধ রেখে বিকল্প হিসেবে অনলাইন বা ডিজিটাল মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালুর নির্দেশনা চাওয়া হয়েছে।
জনস্বার্থ সংশ্লিষ্ট এই রিটের ওপর আদালতের পরবর্তী আদেশের দিকে এখন সবার নজর রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬