|
প্রিন্টের সময়কালঃ ০৪ মে ২০২৬ ০৬:৩১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ মে ২০২৬ ০৩:০৬ অপরাহ্ণ

পশ্চিমবঙ্গে বিজয়ের অপেক্ষায় কে?


পশ্চিমবঙ্গে বিজয়ের অপেক্ষায় কে?


ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগণনা চলছে। দুই দফার ভোটগ্রহণের পর সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টায় এ গণনা শুরু হয়। গণনার শুরুতেই পোস্টাল ব্যালট গোনা হচ্ছে, তারপরে হবে ইভিএম-এর ভোট গণনা।

 

ভোটগণণার শুরুর দিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেলেও শেষ পর্যন্ত রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের থেকে বড় ব্যবধানে এগিয়ে গেছে বিজেপি।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, ভোটগণণা শুরুর প্রথম সোয়া ঘণ্টায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

 

এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে মমতার তৃণমূল ১১৩টি আসনে এগিয়ে আছে। আর বিজেপি ১৬৫টি আসনে এগিয়ে আছে। এছাড়া কংগ্রেস ৪ এবং বামফ্রন্ট ৩টি আসনে এগিয়ে রয়েছে।

 

অন্যদিকে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজারের তথ্য অনুযায়ী, ভোটগণণা শুরুর প্রথম সোয়া ঘণ্টায় তৃণমূল কংগ্রেস ১২৫টিতে এবং বিজেপি ১৩০টিতে এগিয়ে আছে।

 

রাজ্যের মোট ৭৭টি গণনাকেন্দ্রের ৪৫৮টি হলে সোমবার ভোটগণনা করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি রাউন্ডের গণনা হবে চুঁচুড়ায়। সেখানে ২৭ রাউন্ড ইভিএম গণনা হবে। সবচেয়ে কম রাউন্ড গণনা রয়েছে মেটিয়াবুরুজ, সপ্তগ্রাম এবং বীজপুরে। এই তিন আসনেই ১০ রাউন্ড করে গণনা হবে। সোমবারের গণনাপর্বের জন্য মোট ২৯৩ জন গণনা পর্যবেক্ষক থাকছেন। এ ছাড়া ১৬৫ জন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক এবং ৭৭ জন পুলিশ পর্যবেক্ষকও থাকছেন।

 

উল্লেখ্য, গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪ আসনে ভোট হয়। প্রথম দফায় ২৩ এপ্রিল ভোট নেওয়া হয় ১৬ জেলার ১৫২ আসনে। দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ভোট অনুষ্ঠিত হয় কলকাতাসহ ৭ জেলার ১৪২টি আসনে।

 

পশ্চিমবঙ্গে এবারে মোট দুইটি দফায় ভোটগ্রহণ হয়েছে। প্রথম দফায় নির্বাচন হয়েছে গত ২৩ এপ্রিল, দ্বিতীয় দফায় নির্বাচন হয় গত ২৯ এপ্রিল। প্রথম (৯৩.১৯ শতাংশ) ও দ্বিতীয় দফা (৯২.৬৭ শতাংশ) মিলিয়ে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

 

প্রসঙ্গত, ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৪৮ আসন। এক্সিট পোলগুলোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস থাকলেও বেশিরভাগ জরিপে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। তবে পিপলস পালস ও জনমত— এই দুটি সংস্থা মমতার দল জয় পেতে যাচ্ছে বলে জানিয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬