|
প্রিন্টের সময়কালঃ ২৩ মে ২০২৬ ১০:৫১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ মে ২০২৬ ০৫:৪৪ অপরাহ্ণ

বুড়িমারী স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ


বুড়িমারী স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ


নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট:


 

আসন্ন পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ও স্থল শুল্ক স্টেশনে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় ইমিগ্রেশন চৌকি দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
 

বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২ জুন থেকে পুনরায় আমদানি-রপ্তানি ও অন্যান্য ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।
 

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ স্বাক্ষরিত ছুটির বিজ্ঞপ্তি কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, প্রশাসন, বিজিবি, বিএসএফ এবং ভারত ও ভুটানের সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
 

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেই আট দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি শেষে আগামী ২ জুন থেকে যথারীতি সব কার্যক্রম চালু হবে।
 

বুড়িমারী স্থলবন্দর পুলিশ ইমিগ্রেশন চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান জানান, বন্দর বন্ধের বিষয়ে তারা চিঠি পেয়েছেন। তবে ভিসা ও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল ইমিগ্রেশন চৌকি দিয়ে স্বাভাবিক থাকবে।
 

এদিকে, বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান এবং স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) মতলেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬