যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী
মোঃ হানিফ মিয়া, লালমনিরহাট প্রতিনিধি:
যুবসমাজকে মাদক, সামাজিক অপরাধ ও অপসংস্কৃতির ভয়াবহ ছোবল থেকে দূরে রেখে সুস্থ, সবল ও দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, “খেলার মাঠের সক্রিয়তাই পারে নতুন ও তরুণ প্রজন্মকে ইতিবাচক ও গঠনমূলক পথে পরিচালিত করতে।”
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে লালমনিরহাটের বড়বাড়ি ইউনিয়নের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় সংলগ্ন ক্লাব প্রাঙ্গণে 'বসুন্ধরা ক্রীড়া চক্র'-এর নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে ফিতা কেটে ক্লাব ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী আরও বলেন, দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে দেশের ক্রীড়াঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য ফেরাতে বর্তমান সরকার নানা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। তৃণমূল পর্যায়ে সঠিক ক্রী চর্চার অনুকূল পরিবেশ এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা গেলে এই প্রত্যন্ত অঞ্চল থেকেও জাতীয় ও আন্তর্জাতিক মানের অ্যাথলেট ও খেলোয়াড় উঠে আসবে। নবনির্মিত এই ক্লাব ভবনটি স্থানীয় যুবসমাজ ও ক্রীড়ানুরাগীদের নিয়মিত অনুশীলন ও সামাজিক উন্নয়নে নতুন উদ্দীপনা ও প্রেরণা জোগাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বসুন্ধরা ক্রীড়া চক্রের সভাপতি গোলাম মওলা জাফরানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আল আমিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী এবং বড়বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, গণমাধ্যমকর্মীসহ এলাকার বিপুল সংখ্যক ক্রীড়ামোদী জনতা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬