|
প্রিন্টের সময়কালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১১:২১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ মার্চ ২০২৬ ০৫:৪৮ অপরাহ্ণ

সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৫ দোকান পুড়ে ছাই, খামারের ২৩ গবাদিপশু নিহত


সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৫ দোকান পুড়ে ছাই, খামারের ২৩ গবাদিপশু নিহত


স্টাফ রিপোর্টার, সীতাকুণ্ড (চট্টগ্রাম):

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান ও একটি খামার পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় খামারের ২৩টি গবাদিপশু পুড়ে মারা গেছে এবং ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

 

শুক্রবার (২৬ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গোয়ালিনী গেইটস্হ এলাকায় এ ঘটনা ঘটে।

 

ক্ষতিগ্রস্তরা জানান, আগুনে ৫টি দোকানের সব মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। পাশাপাশি ‘মা-বাবার দোয়া অ্যাগ্রো ফার্ম’-এর ১০টি গরু ও ১৩টি ছাগল আগুনে মারা যায়। খামারের মালিক হাবিবুর রহমান বলেন, তার খামারে থাকা ১১টি গরুর মধ্যে মাত্র একটি গরু জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

 

স্থানীয়দের দাবি, পাশের একটি মুদিদোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ নিয়ে ভিন্নমত রয়েছে।

 

অভিযোগ রয়েছে, খবর দেওয়ার পরও ফায়ার সার্ভিস দেরিতে ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ব্যাপক ক্ষতি হয়ে যায়।

 

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার ম. আহসান জানান, খবর পেয়ে রাত ১২টা ৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছানো হয়। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি তদন্ত করে নিশ্চিত করা হবে।

 

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

 

অন্যদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও খামার মালিকদের দাবি, তাদের মোট ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা। তারা সরকারের কাছে দ্রুত আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬