|
প্রিন্টের সময়কালঃ ১০ আগu ২০২৬ ০৯:১২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ আগu ২০২৬ ০৭:৩৩ অপরাহ্ণ

মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক


মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক


এন এ মুরাদ, মুরাদনগর,কুমিল্লা:

 

কুমিল্লার মুরাদনগরে পারিবারিক কলহের জেরে আরজুনা (৩৫) নামে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী জামাল শিকদার পলাতক রয়েছেন।
 

সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ২০ নম্বর পাহাড়পুর ইউনিয়নের শফিক মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আরজুনা ওই এলাকার শফিক মাঝির মেয়ে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর আগে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোদানাইল গ্রামের রশিদ শিকদারের ছেলে জামাল শিকদারের সঙ্গে আরজুনার বিয়ে হয়। বিয়ের পর থেকে জামাল শ্বশুরবাড়িতেই বসবাস করতেন। তাদের দুই সন্তান রয়েছে—জান্নাত (১৭) ও ইয়াসিন আরাফাত (১১)।
 

পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জামাল একটি মাছের প্রজেক্টে কাজ করতেন। সোমবার সকালে প্রজেক্টে মাছের খাবার দিয়ে বাড়ি ফেরার পর দুপুরের খাবার প্রস্তুত না থাকাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাকবিতণ্ডা তীব্র আকার ধারণ করলে জামাল ধারালো দা দিয়ে আরজুনাকে এলোপাতাড়ি কোপান বলে অভিযোগ করা হয়েছে।
 

গুরুতর আহত অবস্থায় আরজুনাকে উদ্ধারের আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার পর জামাল শিকদার পালিয়ে যান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 

খবর পেয়ে মুরাদনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
 

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং পলাতক জামাল শিকদারকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬