|
প্রিন্টের সময়কালঃ ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৫৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৩৯ অপরাহ্ণ

মালয়েশিয়াকে হালকাভাবে নেওয়া যাবে না: সালাউদ্দিন


মালয়েশিয়াকে হালকাভাবে নেওয়া যাবে না: সালাউদ্দিন


স্পোর্টস ডেস্ক

 

এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্য নিয়ে জাপানে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে পদকের হিসাব-নিকাশে না গিয়ে আপাতত কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচেই পূর্ণ মনোযোগ দিতে চান দলের প্রধান সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। নকআউট পর্বে কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে সতর্ক করেছেন তিনি।
 

আগামী ২৯ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। পাঁচ থেকে সাত দিন ম্যাচের বাইরে থাকার পর সরাসরি নকআউট ম্যাচ খেলতে নামাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সালাউদ্দিন। তাঁর মতে, প্রথম ম্যাচে দলের পারফরম্যান্সের ওপরই পরবর্তী পরিকল্পনা নির্ভর করবে।
 

সালাউদ্দিন বলেন, ‘আমার মনে হয়, আমাদের প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। যেকোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ। ৫-৭ দিন ম্যাচ ছাড়া সরাসরি ম্যাচ খেলাটা আসলে খুব কঠিন হয়ে যাবে। প্রথম ম্যাচটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওইখানে আমরা কীভাবে খেলছি, সেখান থেকে পরেরটা চিন্তা করব।’
 

মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের আগেও খেলার অভিজ্ঞতা রয়েছে। আগের এশিয়ান গেমসেও কোয়ার্টার ফাইনালে এই দলটির মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। পাশাপাশি মালয়েশিয়ার ক্রিকেট নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন সালাউদ্দিন। ফলে প্রতিপক্ষ সম্পর্কে তাঁর ভালো ধারণা থাকলেও ম্যাচটি নিয়ে বাড়তি সতর্কতার কথা জানিয়েছেন তিনি।
 

তিনি বলেন, ‘আমার সবই জানা আছে। কারণ মালয়েশিয়ার সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করেছি। এ ধরনের টুর্নামেন্টে আপসেট হতেই পারে। একই উইকেটে বারবার খেলা হয়, অনেক সময় টসও একটা ফ্যাক্টর হতে পারে। এ কারণে প্রতিটা ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। আগেই জিতে যাওয়া উচিত না। খেলেই আমাদের জিততে হবে।’
 

বাংলাদেশের লক্ষ্য পদক হলেও এটিকে বাড়তি চাপ হিসেবে দেখছেন না সালাউদ্দিন। তাঁর মতে, বড় মঞ্চে খেলতে হলে চাপ সামলে নিজেদের সেরাটা দেওয়া খেলোয়াড়দের দায়িত্ব। দীর্ঘদিন একই ক্রিকেটারদের নিয়ে খেলার অভিজ্ঞতাকেও দলের অন্যতম শক্তি হিসেবে দেখছেন তিনি।
 

বাংলাদেশের এই কোচ বলেন, ‘দীর্ঘদিন আমরা এই খেলোয়াড়গুলোই একসঙ্গে খেলার অভ্যাস করেছি। আমরা জানি কার রোলটা কী। এখানে রোলটা খুবই গুরুত্বপূর্ণ। যে যেখানে খেলছে, তারা দীর্ঘদিন একই পজিশনে খেলেছে এবং জানে কোন মুহূর্তে আমাকে কী করতে হবে।’
 

এশিয়ান গেমসের ম্যাচকে সাধারণ আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজের চেয়েও গুরুত্বপূর্ণ মনে করছেন সালাউদ্দিন। কারণ এই আসর ঘিরে দেশের মানুষের প্রত্যাশাও রয়েছে। তিনি বলেন, ‘পুরো দেশের মানুষ তাকিয়ে আছে, একটা পদক আমাদের জন্য। ছেলেদের ওই মোটিভেশনটা আছে। আমরাও জানি এটার গুরুত্ব কতটুকু। আমাদের মোটিভেশনের কোনো অভাব নেই। ইনশাআল্লাহ ভালো করব।’
 

বৃষ্টির কারণে কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হলে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশের পরের ধাপে যাওয়ার সুযোগ রয়েছে। তবে সেই সমীকরণে না গিয়ে মাঠে খেলেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চান সালাউদ্দিন।
 

তিনি বলেন, ‘আমরা আগে কোয়ার্টার ফাইনালটা খেলি। এটাও একটা প্রেসার ম্যাচ, কারণ এটা নকআউট স্টেজ। ওই ম্যাচটা নিয়ে আমাদের সিরিয়াস থাকা উচিত। পরেরটা পরে চিন্তা করা যাবে।’


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬