মুরাদনগরে প্রাক্তণ স্বামীর ছুরিকাঘাতে নারী খুন
নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে পারিবারি বিরোধের জের ধরে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে সুখিয়া বেগম (৩৩) নামে এক নারীর খুন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
নিহত সুখিয়া বেগম দেবিদ্বার উপজেলার বিনাইপাড় গ্রামের পুকুরপাড় এলাকার মালেক ফকিরের মেয়ে। অভিযুক্ত প্রাক্তন স্বামী শরিফ মিয়া (৩৫) একই গ্রামের মধ্যপাড়া এলাকার তাজু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন মুরাদনগর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান।
তিনি জানান প্রাথমিকভাবে জানা গেছে, দাম্পত্য কলহের জেরে এই খুনের ঘটনা ঘটেছে। সুখিয়া বেগমের প্রাক্তন স্বামী শরীফ মিয়া তাকে ছুরিকাঘাতে খুন করেছে। আমরা তদন্ত করছি এবং খুনীকে গ্রেপ্তারের চেষ্টা করছি।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৯ বছর আগে পারিবারিকভাবে শরিফ মিয়ার সঙ্গে বিয়ে হয় সুখিয়া বেগমের। তবে শরিফের মাদক সেবন ও পারিবারিক কলহের কারণে তাদের দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেয়। একপর্যায়ে প্রায় পাঁচ মাস আগে তারা আলাদা হয়ে যান।
জানা গেছে, তাদের সংসারে ৮ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। মেয়েকে সঙ্গে নিয়ে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন সুখিয়া বেগম। বিচ্ছেদের পর থেকে মেয়েকে নিজের কাছে নিতে চাইছিলেন শরিফ মিয়া। নিহতের পরিবারের সদস্যদের দাবি, কন্যাসন্তানকে প্রাক্তন স্বামীর কাছে দিতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে শরিফ মিয়া এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, তিনি পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে রয়েছেন। বিষয়টি তদন্তাধীন। তথ্য যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬