|
প্রিন্টের সময়কালঃ ০৭ এপ্রিল ২০২৬ ০৭:২৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ এপ্রিল ২০২৬ ১১:২১ পূর্বাহ্ণ

রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ও বৈসাবি উপলক্ষে ৫ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন


রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ও বৈসাবি উপলক্ষে ৫ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন


এম এস শ্রাবন মাহমুদ, স্টাফ রিপোর্টার:


রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ ও বৈসাবি উপলক্ষে ৫ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের যৌথ আয়োজনে এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি রাঙ্গামাটি সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে ৫ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, আগামী ১২ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মূল উৎসব ঘরোয়াভাবে পালিত হবে। মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী “জলকেলি” উৎসবের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি ঘটবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, কর্নেল মোহাম্মদ সাদাত বিন শহিদ, লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহাত, রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী এবং পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম। এছাড়াও উপস্থিত ছিলেন ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক জীতেন চাকমাসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

বক্তব্যে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, সরকার সমতল ও পাহাড়ের মধ্যে কোনো বৈষম্য না রেখে সম্মিলিত উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। তিনি শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনের আহ্বান জানান।

পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব বলেন, উৎসব সবার জন্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আনন্দ ভাগাভাগি করতে হবে। পাশাপাশি শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সবাইকে আইন মেনে চলা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬