|
প্রিন্টের সময়কালঃ ০২ জুলাই ২০২৬ ০৩:২৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ জুলাই ২০২৬ ১১:২৪ পূর্বাহ্ণ

ট্রাকের ধাক্কায় মডেল মসজিদের খতিব নিহত, অবৈধ বালুবাহী যান চলাচল নিয়ে ক্ষোভ


ট্রাকের ধাক্কায় মডেল মসজিদের খতিব নিহত, অবৈধ বালুবাহী যান চলাচল নিয়ে ক্ষোভ


আজিজুর রহমান, নোয়াখালী:

 

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বালুবাহী একটি ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সুবর্ণচর উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মুফতি মাকছুদ আলম নিহত হয়েছেন।
 

বুধবার (১ জুলাই) সকালে উপজেলার চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, মুফতি মাকছুদ আলম মোটরসাইকেলে করে মসজিদে নামাজ পরিচালনার উদ্দেশ্যে যাওয়ার পথে একটি বালুবাহী ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
 

নিহত মাকছুদ আলম উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুর আলমের (মন্ত্রী সওদাগর) ছেলে। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
 

এদিকে তাঁর মৃত্যুতে ইসলামিক ফাউন্ডেশন গভীর শোক প্রকাশ করেছে। সংস্থাটির এক শোকবার্তায় বলা হয়, মাওলানা মাকছুদ আলম সুবর্ণচর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম হিসেবে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন। শোকবার্তায় তাঁর রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
 

জনপ্রিয় এই আলেমের মৃত্যুতে স্থানীয় আলেম-উলামা, মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
 

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এলাকায় দীর্ঘদিন ধরে বালুবাহী ভারী ডাম্প ট্রাক বেপরোয়াভাবে চলাচল করছে। এতে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। তারা অবৈধ বালু পরিবহন বন্ধ, ভারী যানবাহনের নিয়ন্ত্রণ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি জানান।
 

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 

এদিকে স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, এলাকায় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয়ে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬