|
প্রিন্টের সময়কালঃ ০৪ মে ২০২৬ ১০:০২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ মে ২০২৬ ০৬:৫৫ অপরাহ্ণ

জনকল্যাণে কাজই রাজনীতির মূল লক্ষ্য: এমপি সৈয়দ মোঃ ফয়সল


জনকল্যাণে কাজই রাজনীতির মূল লক্ষ্য: এমপি সৈয়দ মোঃ ফয়সল


নাজির মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:


 

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, জনগণের স্বার্থ রক্ষা করা তার অন্যতম প্রধান দায়িত্ব। তিনি জোর দিয়ে বলেন, রাজনীতি ব্যক্তিস্বার্থ হাসিলের মাধ্যম নয়; বরং এটি মানুষের কল্যাণে কাজ করার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই লক্ষ্যেই তিনি সাধারণ মানুষের অধিকার নিশ্চিত ও ন্যায্য দাবি আদায়ে কাজ করে যাচ্ছেন।
 

সোমবার মাধবপুর উপজেলা বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

এমপি ফয়সল বলেন, একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখা জরুরি। কোনো গোষ্ঠী যেন ধর্মীয় বিভাজন সৃষ্টি করে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। উন্নয়ন ও অগ্রগতির জন্য স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এ ক্ষেত্রে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও মামলাবাণিজ্যের মতো অপরাধ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এসব অপকর্ম দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে জানান তিনি। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থে অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে এবং দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের সেবায় নিয়োজিত থাকে।
 

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করে এমপি ফয়সল বলেন, দুর্যোগকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই একজন রাজনীতিবিদের প্রকৃত দায়িত্ব। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
 

মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন রনির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহজাহান, সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ, সায়হাম নিট কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান এবং প্রফেসর মঈন উদ্দিন।
 

সভায় বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা দলের ঐক্য সুসংহত করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং জনগণের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
 

সভা শেষে এলাকার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬