নরসিংদীতে দুই মাসের শিশুর পা ভেঙে দেওয়ার অভিযোগ, অভিযুক্ত আপন চাচি
সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী:
নরসিংদীর মাধবদী উপজেলার পাইকারদী গ্রামে মাত্র দুই মাস বয়সী এক শিশুর পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন চাচির (বড় ভাইয়ের স্ত্রী) বিরুদ্ধে। পারিবারিক বিরোধের জেরে শিশুটির ওপর এমন নিষ্ঠুর নির্যাতনের অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, প্রায়ই শিশুটিকে ঘুমন্ত অবস্থায় রেখে তার মা ঘরের কাজ বা বাথরুমে গেলে হঠাৎ করেই শিশুটি চিৎকার করে কেঁদে উঠত। দিনের পর দিন এমন অস্বাভাবিক কান্নার ঘটনায় শিশুটির মায়ের সন্দেহ তৈরি হয়।
একপর্যায়ে ঘটনার সত্যতা জানতে তিনি গোপনে একটি ক্যামেরা স্থাপন করেন। অভিযোগ অনুযায়ী, মা বাথরুমে যাওয়ার পর শিশুটির সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনের দৃশ্য ওই ক্যামেরায় ধারণ হয়।
পরিবারের দাবি, ভিডিওতে শিশুটির ওপর তার চাচির নির্যাতনের দৃশ্য স্পষ্টভাবে দেখা গেছে। ঘটনার পর অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে স্থানীয় থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। তবে এ বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬