|
প্রিন্টের সময়কালঃ ০২ এপ্রিল ২০২৬ ১০:৫৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ এপ্রিল ২০২৬ ০৭:৩০ অপরাহ্ণ

সীতাকুণ্ডে পরিবার পরিকল্পনা কর্মীদের প্রচেষ্টায় ছুটির দিনেও নিরাপদ প্রসব সেবা অব্যাহত


সীতাকুণ্ডে পরিবার পরিকল্পনা কর্মীদের প্রচেষ্টায় ছুটির দিনেও নিরাপদ প্রসব সেবা অব্যাহত


কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের আন্তরিক প্রচেষ্টায় ছুটির দিনেও নিরাপদ প্রসব সেবা অব্যাহত রয়েছে। এতে অসচ্ছল গর্ভবতী মায়েরা স্বল্প খরচে নিরাপদ চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করছেন।

উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ সূত্রে জানা যায়, প্রতিদিন গড়ে ৩ থেকে ৫ জন প্রসূতির ডেলিভারি সম্পন্ন করা হচ্ছে। ছুটির দিনেও এই সেবা চালু রয়েছে। সম্প্রতি ঈদের ছুটিতেও ৫টি প্রসব সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহরাব হোসেন ও ডা. ফাতেমা তুজ জোহরা জানান, ইউনিয়ন পর্যায়ের পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক ও নার্সরা প্রসূতি মায়েদের সেবায় সর্বদা সচেতনভাবে কাজ করছেন।

তারা বলেন, গর্ভকালীন সেবা, প্রসবকালীন চিকিৎসা, প্রসব-পরবর্তী মা ও শিশুর পরিচর্যা, কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্যসেবা—সব কার্যক্রমই নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে, এমনকি ছুটির দিনেও।

সংশ্লিষ্টরা জানান, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও প্রতিদিন ৩ থেকে ৬ জন প্রসূতি নিরাপদ প্রসব সেবা গ্রহণ করছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন বলেন, “সরকারি হাসপাতালে নিরাপদ প্রসব সেবা নিশ্চিত করা হচ্ছে। এতে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন এবং স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতায় আমরা সন্তুষ্ট।”

তিনি আরও জানান, সরকারি হাসপাতালে উন্নত ও স্বল্প খরচে সেবা পাওয়ায় অনেকেই এখন বেসরকারি প্রতিষ্ঠানের পরিবর্তে সরকারি হাসপাতালের প্রতি আগ্রহী হচ্ছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬