নির্বাচনের ব্যত্যয় হলে দায় ড. ইউনূস সরকারের: মির্জা ফখরুল
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ড. ইউনূস, আপনি জনগণের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ। যে পরিমাণ সংস্কার প্রয়োজন, তা সম্পন্ন করে গ্রহণযোগ্য নির্বাচন দিন। সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদই পরবর্তী সংস্কারের কাজ করবে। এর বাইরে কোনো ব্যত্যয় ঘটলে তার সম্পূর্ণ দায়ভার নিতে হবে ড. ইউনূস সরকারের।”
আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, “গতকাল (মঙ্গলবার) ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত কিছু সুপারিশ দিয়েছে। অবাক হয়ে দেখলাম, বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ অন্তর্ভুক্ত করার যে প্রতিশ্রুতি ছিল, তা বাদ দেওয়া হয়েছে। এর মাধ্যমে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করা হয়েছে। এই বিষয়গুলো দ্রুত সংশোধন করা জরুরি।”
তিনি আরও বলেন, “গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বশীল সংসদ গঠিত হলে, প্রস্তাবিত সংস্কারগুলো তখন বাস্তবায়ন করা হবে।”
নির্বাচনে বিলম্ব দেশকে অচলাবস্থার দিকে ঠেলে দিচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “যারা নৈরাজ্য দেখতে চায়, তারাই নির্বাচনের সময় পেছানোর পক্ষে কথা বলছে। নির্বাচনে যত দেরি হচ্ছে, ফ্যাসিবাদ ততই শক্তিশালী হচ্ছে।”
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬