বাহুবলে টমটম স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরে টমটম স্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও দখলকে কেন্দ্র করে টমটম ও সিএনজি চালকদের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইটপাটকেলের আঘাতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় বাহুবল বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলা সদরের টমটম স্ট্যান্ডের নিয়ন্ত্রণ, যাত্রী ওঠানামা এবং চালকদের কাছ থেকে আদায় করা বিভিন্ন ফি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। গত কয়েকদিন ধরে এ নিয়ে উত্তেজনাও বিরাজ করছিল।
এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় এবং পরস্পরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহত কয়েকজনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় আরেকটি সূত্র জানায়, বাহুবল থেকে রামপুর-ফয়জাবাদ রুটে চলাচলকারী টমটমে যাত্রী ওঠানামা নিয়ে সিএনজি চালকদের সঙ্গে টমটম চালকদের বিরোধ চলছিল। এ বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদার বলেন, পূর্ববিরোধের জেরে টমটম ও সিএনজি শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬