বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম, ব্যারেলপ্রতি ১০৬ ডলারের কাছাকাছি
রয়টার্স
বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। ইরানের শান্তি প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর সোমবার জ্বালানি তেলের বাজারে দাম বাড়ার প্রবণতা দেখা দেয়। এদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলারের ওপরে উঠে যায়।
সোমবার সকালে ব্রেন্ট অপরিশোধিত তেলের আগাম দাম ১ দশমিক ৩২ ডলার বা ১ দশমিক ২৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৬৪ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৭০ সেন্ট বা শূন্য দশমিক ৭৬ শতাংশ বেড়ে ৯৩ দশমিক ১১ ডলারে ওঠে।
গত সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে শান্তি প্রস্তাব পাঠানোর কথা জানায় ইরান। শনিবার ট্রাম্প প্রস্তাবটি প্রত্যাখ্যান করার কথা জানান। তবে রোববার অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল ইরানের সঙ্গে আলোচনায় বসতে পারে।
এএনজেডের বিশ্লেষকেরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক ঝুঁকি এখনো উচ্চমাত্রায় রয়েছে। ইরান-সমর্থিত হুথিদের হামলা এবং পাল্টা সামরিক তৎপরতার কারণে অঞ্চলটির জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
শনিবার সৌদি নেতৃত্বাধীন ইয়েমেন জোট দাবি করে, সৌদি আরবের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম রেকর্ড উচ্চতায় ওঠায় দেশটির ডিজেল রপ্তানিতে বিধিনিষেধ আরোপের আশঙ্কা রয়েছে। এমন সিদ্ধান্ত নেওয়া হলে বিশ্ববাজারে পরিশোধিত জ্বালানির সরবরাহ কমে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
কেপলারের প্রাথমিক তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে মধ্যপ্রাচ্যের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর অপরিশোধিত তেল রপ্তানি বেড়ে দৈনিক প্রায় ১ কোটি ২৮ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে, যা ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের রপ্তানি বৃদ্ধির ফলে এ সরবরাহ বেড়েছে।
এদিকে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনও বেড়েছে। চলতি মাসে প্রতিদিন প্রায় ৭৪ লাখ ব্যারেল তেল এ পথে পরিবহন হতে পারে বলে জানিয়েছে কেপলার।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬