সর্বনিম্ন বেতন ৮ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার, কার্যকর জুলাই থেকে!
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল আলোচিত নবম জাতীয় পে-স্কেল আগামী ২০২৬–২৭ অর্থবছর থেকে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা সামনে এসেছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতি চলছে এবং আগামী ১ জুলাই থেকে এর প্রাথমিক ধাপ কার্যকর হতে পারে। তবে পুরো কাঠামো একসঙ্গে নয়, বরং তিনটি অর্থবছরে পর্যায়ক্রমে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
প্রস্তাব অনুযায়ী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটি ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছে। এতে প্রথম দুই অর্থবছরে মূল বেতনের ৫০ শতাংশ করে কার্যকর করা হবে এবং তৃতীয় ধাপে ভাতা ও অন্যান্য সুবিধা সমন্বয় করা হবে।
নতুন কাঠামোতে বিদ্যমান ২০টি গ্রেড অপরিবর্তিত রাখার কথা বলা হয়েছে। একইসঙ্গে সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে। এতে মোট বেতন বৃদ্ধির হার প্রায় ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত হতে পারে।
পেনশন সুবিধাতেও বড় পরিবর্তনের সুপারিশ এসেছে। ২০ হাজার টাকার কম পেনশনভোগীদের জন্য ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি, ২০ থেকে ৪০ হাজার টাকার ক্ষেত্রে ৭৫ শতাংশ এবং এর বেশি ক্ষেত্রে ৫৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব রয়েছে।
এছাড়া বয়স্ক পেনশনভোগীদের জন্য আলাদা চিকিৎসা ভাতা চালুর সুপারিশ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ৭৫ বছরের বেশি বয়সীরা ১০ হাজার টাকা, ৫৫ থেকে ৭৪ বছর বয়সীরা ৮ হাজার টাকা এবং এর কম বয়সীরা ৫ হাজার টাকা ভাতা পেতে পারেন।
কমিশনের সুপারিশে বৈশাখী ভাতা ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার প্রস্তাবও রয়েছে। পাশাপাশি টিফিন ভাতা ২০০ টাকা থেকে ১ হাজার টাকায় উন্নীত করার সুপারিশ করা হয়েছে। যাতায়াত ভাতা ১০ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সম্প্রসারণের কথাও বলা হয়েছে।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন পে-স্কেল বাস্তবায়নে আগামী বাজেটে বড় অঙ্কের অর্থ বরাদ্দ রাখা হতে পারে। প্রাথমিক হিসাব অনুযায়ী প্রথম ধাপেই কয়েক হাজার কোটি টাকার অতিরিক্ত ব্যয় হবে।
অন্যদিকে, অর্থনৈতিক বাস্তবতা ও রাজস্ব সক্ষমতা বিবেচনায় রেখে ধাপে ধাপে বাস্তবায়নের পক্ষে অবস্থান নিয়েছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বাজেট ও নীতিগত বৈঠকের পর।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬