|
প্রিন্টের সময়কালঃ ২২ এপ্রিল ২০২৬ ০৫:৫৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ এপ্রিল ২০২৬ ০৩:০৭ অপরাহ্ণ

জুলাইয়ে শিক্ষার্থীরা পাবে পাটের ব্যাগ ও পোশাক


জুলাইয়ে শিক্ষার্থীরা পাবে পাটের ব্যাগ ও পোশাক


জুলাই থেকে দেশব্যাপী শিক্ষার্থীদের পাটের ব্যাগ ও স্কুলের পোশাক দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

বুধবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শেষে তিনি এ কথা জানান।

এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, প্রাথমিকভাবে সারা দেশে প্রথম ধাপে প্রথম শ্রেণীর এক লাখ শিক্ষার্থীর কাছে এসব পণ্য পৌঁছে দিতে চায় সরকার। প্রথমে প্রতি উপজেলায় দুটি করে স্কুলে বাস্তবায়ন করা হবে এ কর্মসূচি। স্কুল নির্বাচন করবে স্থানীয় প্রশাসন। প্রথম মাসে অন্তত এক লাখ শিক্ষার্থীর মাঝে ব্যাগ ও পোশাক পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে আমাদের।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, তিন মন্ত্রণালয়ের যৌথ সমন্বয় এবং ব্যয়ে এ কর্মসূচি বাস্তবায়ন হবে। সব প্রাথমিক স্কুলে পোশাক হবে একই রকম। তবে ছেলেমেয়েদের পোশাক ও ব্যাগ হবে আলাদা।

অন্যদিকে, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম বলেছেন, পাট শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য। পলিথিনের কারণে দূষিত হচ্ছে পরিবেশ। সেখান থেকে জনগণকে সরিয়ে নিয়ে আসতে এবং শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পণ্য পৌঁছে দিতে নেওয়া হয়েছে এই কর্মসূচি।

এর আগে ১৩ এপ্রিল দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সরকার বিনামূল্যে স্কুলের পোশাক বিতরণ করবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই পোশাক দেওয়ার নির্দেশনা দিয়েছেন। আমরা সে লক্ষ্যে কাজ শুরু করেছি। বছরে একবার শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক দেওয়া হবে। আমরা বিশ্বাস করি, বর্তমান সরকারের মেয়াদে পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক স্কুলে বিনামূল্যে পোশাক দিতে পারব।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬