জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার রায়: আইনজীবী শিশির মনিরের প্রতিক্রিয়া
ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
দীর্ঘ এক যুগ পর রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন পুনরুদ্ধার হলো। রোববার (১ জুন) সকালে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ নির্বাচন কমিশনকে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ ঐতিহাসিক রায় ঘোষণা করেন। রায়ে নির্বাচন কমিশনকে দ্রুততম সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হলেও দলটির নির্বাচনী প্রতীক 'দাঁড়িপাল্লা' প্রসঙ্গে কোনো আদেশ দেওয়া হয়নি। প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দিয়েছেন আদালত।
রায় প্রকাশের পর প্রতিক্রিয়ায় জামায়াতের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের বলেন, “আপিল বিভাগ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে জামায়াতের নিবন্ধন বৈধ এবং হাইকোর্টের পূর্বের রায় বাতিল করে নির্বাচন কমিশনকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।”
তিনি আরও বলেন, “আজকের সংক্ষিপ্ত রায়ে প্রতীক বিষয়ে সরাসরি কিছু উল্লেখ না থাকলেও আদালতের নির্দেশনার প্রেক্ষিতে এটি স্পষ্ট যে নির্বাচন কমিশন এই বিষয়েও সিদ্ধান্ত নেবে। তবে আগামীকাল (২ জুন) রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশিত হলে বিষয়টি আরও পরিষ্কার হবে।”
জামায়াতের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার নাজিব মোমেন, ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম এবং অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
উল্লেখ্য, ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করেন। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬