পাবনায় নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
পাবনা প্রতিনিধি:
পাবনার বেড়া উপজেলায় নিখোঁজের একদিন পর সুপ্রভাত মোদক (৩৫) নামে এক ব্যবসায়ীর ক্ষতবিক্ষত ও পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের বাড়ির পাশের একটি হলুদখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুপ্রভাত মোদক ওই গ্রামের মিস্ত্রিপাড়ার সত্য চন্দ্র মোদক ওরফে লেদু কুড়ীর ছেলে। তিনি উপজেলার কাশীনাথপুর এলাকার ‘দাদাভাই’ নামের একটি খাবার হোটেলের মালিক ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থানকালে কাউকে কিছু না বলে বের হয়ে যান সুপ্রভাত। এরপর রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে তার খোঁজ শুরু করেন। কোথাও সন্ধান না পেয়ে পরে আমিনপুর থানায় লিখিত অভিযোগ করেন তারা।
অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় সুপ্রভাতের মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা করে। রাত ১২টার দিকে তার মোবাইল ফোনটি চালু পাওয়া যায়। একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরে রাত ২টার দিকে আবারও ফোনে কল গেলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
মঙ্গলবার সকালে বাড়ির পেছনের হলুদখেতে স্থানীয়রা সুপ্রভাতের ক্ষতবিক্ষত ও পোড়া মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে আমিনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, সুপ্রভাতের মৃত্যুর কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬