মুগদা থানায় মাদক ও চাঁদাবাজি দমনে কঠোর অবস্থান, ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান জোরদার
নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:
ঢাকা: রাজধানীর মুগদা থানা এলাকায় দীর্ঘদিন ধরে চলমান মাদক ও চাঁদাবাজি দমনে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসানের নেতৃত্বে ‘জিরো টলারেন্স’ নীতিতে পরিচালিত হচ্ছে ধারাবাহিক অভিযান।
দায়িত্ব গ্রহণের পর থেকেই ওসি মোঃ আহসান মাদক নির্মূল ও চাঁদাবাজি বন্ধে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করছেন। ইতোমধ্যে মুগদা থানাকে মাদক ও চাঁদাবাজিমুক্ত করার ঘোষণা দিয়েছেন তিনি।
স্থানীয়দের অভিযোগ, আগে মুগদার বিভিন্ন পাড়া-মহল্লায় প্রকাশ্যে মাদক বিক্রি হতো এবং চাঁদাবাজির ঘটনা ছিল নিত্যনৈমিত্তিক। এতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতা ও সামাজিক অবক্ষয়ের শিকার হতেন। বিশেষ করে নির্বাচন-পরবর্তী সময়ে এলাকায় এক ধরনের আতঙ্ক বিরাজ করছিল।
এমন পরিস্থিতিতে দায়িত্ব নিয়ে ওসি মোঃ আহসান দ্রুত এলাকায় সরেজমিন পরিদর্শন, নিয়মিত অভিযান পরিচালনা এবং স্থানীয়দের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন। এর ফলে পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন ঘটেছে বলে জানান এলাকাবাসী।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, আগে থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) বা অভিযোগ জানাতে ভয় পেতেন তারা। বর্তমানে থানার পরিবেশ উন্মুক্ত হয়েছে এবং পুলিশি সেবায় আস্থা বেড়েছে। মাদক ও চাঁদাবাজদের দাপট কমে আসায় এখন তারা স্বস্তিতে বসবাস করছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মুগদা থানার বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এর ফলে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৬ সালের মার্চ মাসে ২২৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে বিশেষ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।
এ বিষয়ে ওসি মোঃ আহসান বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। থানার দরজা সবার জন্য খোলা রয়েছে। খুব শিগগিরই পুরো এলাকাকে অপরাধমুক্ত করা সম্ভব হবে বলে আশা করছি।”
এদিকে, পুলিশের এ উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আস্থা ফিরে এসেছে। ওসি মোঃ আহসানের নেতৃত্বে মুগদা থানার চলমান কার্যক্রম এলাকাবাসীর কাছে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬