|
প্রিন্টের সময়কালঃ ০৯ আগu ২০২৬ ০৭:২৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ আগu ২০২৬ ০৫:২৪ অপরাহ্ণ

রাজেশ ঘোষের সুরে মাহতিম-সিঁথির ‘দুচোখ তোমার’


রাজেশ ঘোষের সুরে মাহতিম-সিঁথির ‘দুচোখ তোমার’


                                            ‘দুচোখ তোমার’ গানের পোস্টার ও সুরকার রাজেশ ঘোষ


বিনোদন প্রতিবেদক
 

ক্যাসেট-সিডির যুগের শ্রোতাদের কাছে ‘রাজেশ ঘোষের সুরে’ কথাটি ছিল পরিচিত ও আস্থার নাম। বিশেষ করে সংগীতশিল্পী আসিফের কণ্ঠে জনপ্রিয় বহু গানের সুরকার হিসেবে সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন রাজেশ ঘোষ। তিন দশকের বেশি সময় ধরে বাংলা গানের সঙ্গে পথচলা এই সুরকার এবার শুরু করেছেন নতুন এক অধ্যায়।
 

সম্প্রতি নিজের প্রথম ইউটিউব চ্যানেল ‘আরআর মিউজিক’ চালু করেছেন রাজেশ ঘোষ। আর এই চ্যানেল থেকেই প্রকাশ পেয়েছে তার সুরে নতুন গান ‘দুচোখ তোমার’। গানটিতে কণ্ঠ দিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় দুই শিল্পী মাহতিম শাকিব ও অবন্তী সিঁথি।
 

‘দুচোখ তোমার’ গানের কথা লিখেছেন মনজুরুল আলম চৌধুরী। সুর করেছেন রাজেশ ঘোষ এবং সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। রোমান্টিক ঘরানার গানটির ভিডিও নির্মাণ করেছেন সৌরভ ঘোষ নীলয়। এতে অভিনয় করেছেন অথৈ ইসলাম ও দেবজ্যোতি ঘোষ।
 

নিজের ইউটিউব চ্যানেল প্রসঙ্গে রাজেশ ঘোষ বলেন, দীর্ঘ ৩০ বছরের সংগীতজীবনে শ্রোতাদের ভালোবাসা, উৎসাহ ও আশীর্বাদ তাকে নিয়মিত গান করার অনুপ্রেরণা দিয়েছে। বাংলা গানের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করার স্বপ্ন থেকেই তিনি ‘আরআর মিউজিক’ শুরু করেছেন।

 

‘দুচোখ তোমার’ গানচিত্রের দৃশ্য


রাজেশ ঘোষের ভাষ্য, এই চ্যানেলে নিয়মিত নতুন মৌলিক গান প্রকাশের পাশাপাশি বাংলাদেশের নামি ও জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণ থাকবে। তার প্রত্যাশা, একসময় চ্যানেলটি বাংলা গানের শ্রোতাদের জন্য একটি সুন্দর মিলনমেলায় পরিণত হবে।
 

নতুন গান প্রসঙ্গে রাজেশ বলেন, মাহতিম শাকিব ও অবন্তী সিঁথি এ সময়ের মেধাবী দুই শিল্পী। তাদের কণ্ঠে রোমান্টিক গানটি বেশ মানিয়েছে। প্রকাশের পর থেকেই গানটি নিয়ে শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলেও জানান তিনি।
 

দীর্ঘ সংগীতজীবনের অভিজ্ঞতা ও নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠ—এই দুইয়ের সমন্বয়ে ‘দুচোখ তোমার’ দিয়ে ‘আরআর মিউজিক’-এর যাত্রা শুরু করলেন রাজেশ ঘোষ।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬