|
প্রিন্টের সময়কালঃ ০১ এপ্রিল ২০২৬ ১০:৫৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ এপ্রিল ২০২৬ ০৭:২৬ অপরাহ্ণ

মুরাদনগরে জমি দখল ঘিরে উত্তেজনা, থানায় অভিযোগ


মুরাদনগরে জমি দখল ঘিরে উত্তেজনা, থানায় অভিযোগ


রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

 

কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের বল্লভদী গ্রামে জমির সীমানা বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা গোলাম মাওলা (৭০)।

অভিযোগে জানা যায়, একই গ্রামের বাসিন্দা ও দূর সম্পর্কের আত্মীয় দেলোয়ার হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমির সীমানা ও পুকুর নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১১ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেলোয়ার হোসেন, জসিম উদ্দিন ও মোবারক মিয়াসহ আরও কয়েকজন গোলাম মাওলার জমিতে প্রবেশ করে ভবন নির্মাণের উদ্দেশ্যে গর্ত খনন শুরু করেন।

ভুক্তভোগীর দাবি, তিনি সীমানা নির্ধারণ করে কাজ করার অনুরোধ জানালেও অভিযুক্তরা তা উপেক্ষা করে গভীর রাত পর্যন্ত কাজ চালিয়ে যান। বর্তমানে তারা জোরপূর্বক ওই জমিতে ভবনের ভিত্তি নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবার আশঙ্কা করছে, এ ঘটনাকে কেন্দ্র করে যেকোনো সময় সংঘর্ষ বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও কোনো সুরাহা না হওয়ায় তারা থানার দ্বারস্থ হন।

অভিযোগ অনুযায়ী, কেওটগাঁও মৌজার বিভিন্ন দাগভুক্ত প্রায় ১৪ শতক জমি জোরপূর্বক দখলের চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত দেলোয়ার হোসেনের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং সত্যতা যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সতর্ক রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬