|
প্রিন্টের সময়কালঃ ৩০ এপ্রিল ২০২৬ ১২:৫৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ এপ্রিল ২০২৬ ১০:২১ পূর্বাহ্ণ

বীরগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড, কারাগারে প্রেরণ


বীরগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড, কারাগারে প্রেরণ


দিনাজপুর প্রতিনিধি:


দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের দায়ে চারজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ২ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের চাপাপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, চাপাপাড়া গ্রামের নুরুজ্জামানের আমবাগানে কয়েকজন ব্যক্তি মাদক সেবন করছেন—এমন তথ্যের ভিত্তিতে স্থানীয়রা চারজনকে আটক করেন। পরে খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আটক চারজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—ধনু চেংটি গ্রামের মৃত জুহুর উদ্দিনের ছেলে আল আমিন (২৭), পূর্ব দেবারুপাড়া গ্রামের আফজালের ছেলে শাওন ইসলাম (২৪), পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দওপাল গ্রামের আয়নাল হকের ছেলে সোহেল রানা (২৬) এবং হীরামনি গ্রামের মৃত সপির উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (৩৫)।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা রনি জানান, দণ্ডপ্রাপ্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬