|
প্রিন্টের সময়কালঃ ৩১ অক্টোবর ২০২৬ ০৫:৪১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩১ অক্টোবর ২০২৬ ০৩:৪৭ অপরাহ্ণ

বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফেরা হলো না, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর


বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফেরা হলো না, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর


কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত একটি দ্রুতগতির লরি ট্রাকের ধাক্কায় নূরুল হুদা ভূঁইয়া (৪৪) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ইদুলপুর এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। পারিবারিক বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক এ দুর্ঘটনার শিকার হন তিনি।
 

নিহত নূরুল হুদা ভূঁইয়া মীরসরাই উপজেলার মসজিদিয়া এলাকার মৃত শফিউল্লাহ ভূঁইয়ার ছোট ছেলে। তিনি পেশায় একজন মুদি ও স্টেশনারি ব্যবসায়ী ছিলেন।
 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ইদুলপুর এলাকায় মহাসড়ক দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত লরি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

নিহতের বড় ভাই মো. নূরুল মোস্তফা জানান, তারা দুই ভাই একসঙ্গে একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠান শেষে তার ছোট ভাই আগেই বাড়ির উদ্দেশে রওনা হন। দীর্ঘ সময় ধরে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সড়ক দুর্ঘটনার খবর দেখে হাসপাতালে খোঁজ নিতে গিয়ে ছোট ভাইয়ের মৃত্যুর বিষয়টি জানতে পারেন।
 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই জিয়া উদ্দিন ভূঁইয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬