দুর্নীতি ও হয়রানি বন্ধে ভূমিসেবা মিলবে ডিজিটাল প্রযুক্তিতে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ মে ২০২৬ ০১:০২ অপরাহ্ণ   |   ৫৭ বার পঠিত
দুর্নীতি ও হয়রানি বন্ধে ভূমিসেবা মিলবে ডিজিটাল প্রযুক্তিতে

ভূমিসেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে হয়রানি ও দুর্নীতি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এই সেবা দেওয়া হবে, যাতে দুর্নীতি বা অযথা হয়রানির শিকার হতে না হয়।

 

মঙ্গলবার রাজধানীর ভূমি ভবনে ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় সারাদেশে একযোগে উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে ভূমিসেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

 

ভূমির পরিকল্পিত ব্যবহার বর্তমান সময়ের জন্য অপরিহার্য মন্তব্য করে তারেক রহমান বলেন, এই ব্যবস্থানে আরও আধুনিকায়ন ও সহজ করে জনগণকে ভূমিসেবা দিতে কার্যকর ব্যবস্থা নিয়েছে সরকার।

 

তিন দিনব্যাপী এই ভূমিসেবা মেলা শেষ হবে আগামী বৃহস্পতিবার (২১ মে)।

 

এবারের মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’।

 

এ মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হলো ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দেওয়া।