সারা বছর অনলাইনে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সুযোগ আসছে: এনবিআর চেয়ারম্যান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩১ মার্চ ২০২৬ ০২:০৬ অপরাহ্ণ   |   ৭৫ বার পঠিত
সারা বছর অনলাইনে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সুযোগ আসছে: এনবিআর চেয়ারম্যান

এইচ এম মাহফুজুর রহমান, স্টাফ রিপোর্টার:

 

আগামী অর্থবছর থেকে সারা বছর অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ চালু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, নতুন এই ব্যবস্থার মাধ্যমে করদাতারা নির্ধারিত সময়ের বাইরে গিয়েও সহজে রিটার্ন দাখিল করতে পারবেন।

 

মঙ্গলবার (৩১ মার্চ) এনবিআরের প্রাক-বাজেট আলোচনায় অংশীজনদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

 

বর্তমানে প্রতি বছর জুনের শেষ থেকে নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় নির্ধারিত থাকে। চলতি বছর সময়সীমা বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছিল। শেষ দিনেই সারা বছর রিটার্ন জমা দেওয়ার সুযোগ চালুর ঘোষণা এলো, যা দেশের কর ব্যবস্থায় একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

 

এনবিআর চেয়ারম্যান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে করদাতাদের জন্য বিশেষ প্রণোদনা রাখা হবে। আগে সময়সীমা পেরিয়ে গেলে বকেয়া করের ওপর ২ শতাংশ হারে সুদ আরোপ এবং বিভিন্ন কর-সুবিধা বাতিলের বিধান ছিল।

 

তিনি আরও জানান, চলতি অর্থবছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি অর্জনের আশা করা হচ্ছে। তবে অতিরিক্ত কর অব্যাহতির কারণে রাজস্ব আয় কিছুটা কমেছে। এ কারণে ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে কর অব্যাহতি কমানোর পরিকল্পনা রয়েছে।

 

করের হার না বাড়িয়ে করদাতার সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ট্যাক্স ফাঁকি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। সুশাসন নিশ্চিত করতে সৎ কর্মকর্তাদের উৎসাহিত করা এবং গোয়েন্দা তৎপরতা জোরদারের মাধ্যমে কর ফাঁকিবাজদের শনাক্ত করা হচ্ছে।