দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায়। মঙ্গলবার বিকেলে ৪ দশমিক ৯ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়, যার কম্পন বাংলাদেশের সিলেট ও পার্শ্ববর্তী সীমান্ত এলাকায়ও টের পাওয়া যায়।
বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে ভূকম্পনটি শুরু হয়। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শিলচর শহর থেকে প্রায় ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
শিলচর ছাড়াও ভারতের আসামের বিভিন্ন অঞ্চল এবং বাংলাদেশের মৌলভীবাজারসহ সীমান্তবর্তী এলাকায় কম্পন অনুভূত হয়। হঠাৎ এ কম্পনে সীমান্ত সংলগ্ন এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
তবে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।