হামলার সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে পা কেটে ফেলার হুমকির অভিযোগ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ আগu ২০২৬ ০৩:৫০ অপরাহ্ণ   |   ৫৫ বার পঠিত
হামলার সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে পা কেটে ফেলার হুমকির অভিযোগ

স্টাফ রিপোর্টার:

 

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আলীনূর হোসেনের ওপর হামলার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর এক সাংবাদিককে ফোন করে পা কেটে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মুছাপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো. পাখি মিয়ার বিরুদ্ধে।
 

সাংবাদিক জিহাদ হোসেনের অভিযোগ, আলীনূর হোসেনের ওপর হামলার ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর পাখি মিয়া তাকে ফোন করে হুমকি দেন। ফোনে তাকে বলা হয়, “তুই লাঙ্গলবনে আসিস, পা দুটি কেটে ফেলব।” এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ওই সাংবাদিক।
 

এর আগে মাদকের বিরুদ্ধে কথা বলা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে বাধা দেওয়ার জেরে হামলার শিকার হওয়ার অভিযোগে বন্দর থানায় লিখিত অভিযোগ করেন আলীনূর হোসেন (৪৮)। অভিযোগে তিনি মো. মনির হোসেন (৫৫), মো. আল আমিন (৩২), মো. শহিদ (২৮), মো. রিপন (৪০) ও মো. টিপু (৩৫)সহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে অভিযুক্ত করেন।
 

লিখিত অভিযোগে আলীনূর হোসেন দাবি করেন, গত ২৭ আগস্ট দুপুর ১টা ৫ মিনিটের দিকে পিচকামতাল এলাকার বালুর মাঠসংলগ্ন সড়কে তার পথরোধ করে হামলা চালানো হয়। এ সময় তাকে মারধর করা হলে মাথা ও নাকে আঘাত লাগে। পরে তার ভাগিনা মো. রেজোয়ান আহমেদ (২৪) তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
 

হামলার এ ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করেই সাংবাদিক জিহাদ হোসেনকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

 



 

সাংবাদিক জিহাদ হোসেন জানান, হুমকির বিষয়টি তিনি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেছেন। নিজের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন।
 

তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. পাখি মিয়ার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।