মোঃ আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার স্বামী আবু কাশেম (৪৮) গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৩টার দিকে মাদারগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ২টার দিকে নিজ জমিতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক পাম্প চালু করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে আসেন রিনা বেগম। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। তার চিৎকার শুনে স্বামী আবু কাশেম এগিয়ে এসে তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রিনা বেগমের মৃত্যু হয়। আহত আবু কাশেমকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদিয়া জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে রিনা বেগম হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সচেতন মহল বলছে, বৈদ্যুতিক সেচ পাম্প ব্যবহারে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে।