বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবার প্রথমবারের মতো আইনজীবীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। তবে বড় পর্দায় নয়, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাওয়া কোর্টরুম ড্রামা সিরিজ ‘সিস্টেম’-এ একজন আইনজীবীর ভূমিকায় দেখা যাবে তাকে। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, ‘দহাড়’-এর পর আবারও ওটিটিতে ফিরছেন এই অভিনেত্রী।
‘সিস্টেম’ সিরিজে বর্তমান সমাজব্যবস্থা ও প্রচলিত সিস্টেমের বিরুদ্ধে সোচ্চার এক আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন সোনাক্ষী। সিরিজটিতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী জ্যোতিকা এবং নির্মাতা-অভিনেতা আশুতোষ গোয়ারিকর। এছাড়াও বিভিন্ন চরিত্রে রয়েছেন নিশান্ত সিং, বিক্রান্ত কোহলি, আদিনাথ কোঠারে, গৌরব পান্ডে, অজয় মাধক ও দিবিজা গম্ভির।
সিরিজটির গল্প লিখেছেন হারমান বেওজা, অক্ষান্ত ঘিলদিয়াল ও তাসনিম লক্ষন্ডওয়ালা। পরিচালনায় রয়েছেন অশ্বিনী আইয়ার তিওয়ারি। চলতি সপ্তাহেই ওটিটি প্ল্যাটফর্ম Amazon Prime Video-এ মুক্তি পাচ্ছে সিরিজটি।
এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলিং ও নেতিবাচক মন্তব্য নিয়ে আলোচনায় আসেন সোনাক্ষী। এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় নেতিবাচকতার মাত্রা এতটাই বেড়ে গেছে যে একজন মানুষের পক্ষে একা এর বিরুদ্ধে লড়াই করা কঠিন হয়ে পড়েছে।
অভিনেত্রীর ভাষায়, “সবসময়ই নেতিবাচকতার বিরুদ্ধে আওয়াজ তোলা জরুরি। কিন্তু এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, যেখানে প্রতিনিয়ত লড়াই করার চেয়ে অনেক সময় এড়িয়ে যাওয়াই ভালো।”
তিনি আরও বলেন, সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত বিদ্বেষপূর্ণ মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণের মুখোমুখি হতে হয় তারকাদের। তবে পরিবারকে নিয়ে কটূক্তি করা হলে তিনি কখনোই নীরব থাকেন না।
দাবাং-খ্যাত এই অভিনেত্রী বলেন, “যদি কোনো মন্তব্য অসহনীয় হয়ে ওঠে বা পরিবারকে লক্ষ্য করে কিছু বলা হয়, তখন অবশ্যই প্রতিবাদ করি। প্রয়োজন হলে প্রত্যেকেরই নিজের জন্য রুখে দাঁড়ানো উচিত।”