কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদর বাজারে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ কাঁচাবাজার উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৬ এপ্রিল) দুপুরে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান। এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল প্রশাসনকে সহায়তা করে।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, দেওয়ানি মামলা নং-২৩৪/২৩ অনুযায়ী সাবেক ও বর্তমান দাগ নম্বর ৩৭৫সহ মোট ১০ থেকে ১২টি দাগে প্রায় ৩৬ শতাংশ জমি নিয়ে ‘যুথি রানী কর্মকার বনাম সরকার’ শিরোনামে একটি মামলা বর্তমানে বিচারাধীন। সংশ্লিষ্ট সিএস, আরএস ও বিএসএ রেকর্ড অনুযায়ী জমিটির মালিক জেলা প্রশাসক, কুমিল্লা।
এদিকে, গত ৪ মার্চ আক্তার হোসেন নামে এক ব্যক্তি সরকারকে বিবাদী করে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতেই অবৈধ দখল উচ্ছেদের নির্দেশনা আসে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উপজেলা ভূমি অফিস জানিয়েছে, আদালতের নির্দেশনা বাস্তবায়ন এবং সরকারি স্বার্থ রক্ষায় দখলদারদের সরিয়ে জমি পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ছাড়া বাজারসংক্রান্ত জমির মালিকানা ও ইজারা নিয়ে হাইকোর্টে আরেকটি রিট আবেদন বিচারাধীন রয়েছে। আবেদনকারীর দাবি, সংশ্লিষ্ট জমির একটি অংশ তার ব্যক্তিগত মালিকানাধীন—যা বর্তমানে আদালতের বিবেচনায় রয়েছে।
উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত কয়েকজন ব্যবসায়ী জানান, তারা দীর্ঘদিন ধরে সেখানে ব্যবসা করে আসছিলেন। হঠাৎ এ অভিযানে তাদের আর্থিক ক্ষতি হয়েছে। তারা দ্রুত বিকল্প স্থান নির্ধারণের দাবি জানান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং সরকারি জমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বর্তমানে বিষয়টি হাইকোর্টে বিচারাধীন রয়েছে। আদালতের পরবর্তী নির্দেশনার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।