ঈদে গার্মেন্টস ছুটি নিয়ে যা ঘোষণা দিলেন সড়কমন্ত্রী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১১ মে ২০২৬ ০৭:০২ অপরাহ্ণ   |   ৬৫ বার পঠিত
ঈদে গার্মেন্টস ছুটি নিয়ে যা ঘোষণা দিলেন সড়কমন্ত্রী

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পোশাক কারখানার কর্মীদের ছুটি নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। 

 

সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ঈদে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে এবার সব গার্মেন্টস একসাথে ছুটি না দিয়ে পর্যায়ক্রমে দেওয়া হবে।

 

সড়কমন্ত্রী বলেন, বিগত ঈদুল ফিতরে সব পোশাক কারখানা প্রায় একই সময়ে ছুটি দেওয়ায় সড়কে প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছিল এবং এক পর্যায়ে বিশৃঙ্খলার তৈরি হয়। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার পর্যায়ক্রমে ছুটির ব্যবস্থা করা হচ্ছে। এতে করে পরিবহনের ওপর চাপ কমবে এবং শ্রমিকরা স্বস্তিতে বাড়ি ফিরতে পারবেন।

 

ঈদযাত্রায় কোনো ধরনের ব্যত্যয় বা ভোগান্তি যেন না হয়, সে লক্ষে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানান মন্ত্রী। তিনি উল্লেখ করেন, গত ঈদে যেসব ভুলত্রুটি ছিল, এবার তা নিরসনে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ এবং যাত্রী হয়রানি রোধে দেশজুড়ে ৬৯টি মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পরিবহন ব্যবস্থা সচল রাখতে সংশ্লিষ্ট সব বিভাগকে এরই মধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে মন্ত্রনালয় সূত্রে জানা গেছে। বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের বড় একটি অংশ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের পথে রওনা হওয়ায় সেসব রুটকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।