তিন দফা দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৪ জুলাই ২০২৬ ০৪:১৭ অপরাহ্ণ   |   ৫০ বার পঠিত
তিন দফা দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ

চট্টগ্রাম প্রতিনিধি

 

চট্টগ্রামে তিন দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগরের ষোলশহর এলাকায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে তারা সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন, ফলে ওই এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।
 

শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডসংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 

আন্দোলনরত শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, প্রতিকূল আবহাওয়ার বাস্তবতা বিবেচনায় না নিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের প্রতি অমানবিক আচরণের শামিল। আরেক শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, টানা বৃষ্টির মধ্যে পরীক্ষা দিতে গিয়ে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছেন। বৃষ্টির পানিতে ক্যালকুলেটরসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নষ্ট হয়ে গেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান তিনি।
 

একপর্যায়ে শিক্ষার্থীরা ব্যতিক্রমী উপায়ে প্রতিবাদ জানান। তারা নৌকা চালানোর প্রতীকী অভিনয় করে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন।
 

আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—বৈরী আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, গত ১২ ও ১৩ জুলাই প্রতিকূল আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি তাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং বৃষ্টির কারণে যাদের প্রবেশপত্র বা প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট বা হারিয়ে গেছে, তাদের দ্রুত শিক্ষা বোর্ড থেকে নতুন কপি সরবরাহ করা।