জাপান সফরের অগ্রগতি জানাতে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ নভেম্বর ২০২৬ ০৪:২৪ অপরাহ্ণ   |   ৪০ বার পঠিত
জাপান সফরের অগ্রগতি জানাতে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

 

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
 

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক জাপান সফরের বিভিন্ন দিক, সফরে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।
 

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন।

পরে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক এবং দেশটির শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে তাঁর আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন।
 

এ সময় রাষ্ট্রপতি বাংলাদেশ ও জাপানের মধ্যে কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার, দেশের জ্বালানি, অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে জাপানি বিনিয়োগের সম্ভাবনাসহ গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়গুলো সফরে গুরুত্ব পাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
 

প্রধানমন্ত্রীর এ সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণ ও আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।
 

এর আগে দুপুরে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাঁকে স্বাগত জানান। এ সময় সাক্ষাৎ করতে আসায় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
 

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব ও একান্ত সচিব-২সহ বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।