পশ্চিমবঙ্গের রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে পদত্যাগ করা কোয়েলের ছেড়ে দেওয়া আসনেই তাকে প্রার্থী করেছে বিজেপি। রোববার দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে তার নাম ঘোষণা করা হয়।
কোয়েলকে বিজেপির প্রার্থী করার জল্পনা তার পদত্যাগের পর থেকেই চলছিল। গত ১৬ জুলাই দিল্লিতে গিয়ে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের কাছে রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগপত্র জমা দেন তিনি। ওই আসনে আগামী ১৬ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ৯ জুলাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইক। বিজেপিতে যোগ দেওয়ার পরপরই তাদের রাজ্যসভা উপনির্বাচনে প্রার্থী করা হয়েছিল। এবার একই ধারাবাহিকতায় কোয়েল মল্লিককেও তার ছেড়ে দেওয়া আসনে প্রার্থী করল দলটি।
পদত্যাগের পর কোয়েল কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর থেকেই তার বিজেপিতে যোগদান ও রাজ্যসভায় প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনের জন্য কোয়েলের নাম ঘোষণা করেছিল তৃণমূল। একই সঙ্গে রাজ্য পুলিশের সাবেক মহাপরিচালক রাজীব কুমার, সাবেক মন্ত্রী বাবুল সুপ্রিয় ও সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীকেও প্রার্থী করা হয়। মার্চে নির্বাচন শেষে ৬ এপ্রিল রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন কোয়েল।
তবে রাজ্যসভার কোনো অধিবেশনে অংশ নেওয়ার আগেই পদত্যাগ করেন তিনি। বাদল অধিবেশন শুরুর আগে ১৬ জুলাই তার পদত্যাগ কার্যকর হয়। এবার সেই শূন্য আসনেই বিজেপির প্রার্থী হিসেবে ফের রাজ্যসভায় যাওয়ার লড়াইয়ে নামছেন কোয়েল মল্লিক।