বড়াইগ্রামে জামায়াত প্রার্থীর ‘পরিবর্তনের ইশতেহার’ ঘোষণা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৮ পূর্বাহ্ণ   |   ৪৬ বার পঠিত
বড়াইগ্রামে জামায়াত প্রার্থীর ‘পরিবর্তনের ইশতেহার’ ঘোষণা

নাটোর প্রতিনিধি :



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মো. আব্দুল হাকিম তার ‘পরিবর্তনের ইশতেহার’ ঘোষণা করেছেন।

 

শনিবার (তারিখ) দুপুরে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় অবস্থিত প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি নিজেই লিখিত ইশতেহার পাঠ করেন। ১৬ দফা বিশিষ্ট এই ইশতেহারে তিনি একটি দুর্নীতিমুক্ত, মানবিক ও জনকল্যাণমুখী সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
 

ইশতেহার ঘোষণাকালে মাওলানা আব্দুল হাকিম বলেন, তিনি জনগণের সন্তান এবং সুখ-দুঃখের সহযাত্রী হিসেবে আল্লাহভীরু নেতৃত্ব, সৎ ও যোগ্য জনপ্রতিনিধিত্ব এবং ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। জনগণের ভোট, দোয়া ও সহযোগিতা পেলে সমাজব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 

ইশতেহারের গুরুত্বপূর্ণ দফাগুলোর মধ্যে রয়েছে—সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা, ঘুষ, দুর্নীতি, মাদক, চাঁদাবাজি ও দলীয়করণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, স্থানীয় সরকার দপ্তরে নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং সকল নিয়োগ ও বদলিতে স্বচ্ছতা বজায় রাখা।
 

কৃষি ও কৃষকের উন্নয়নে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত, সেচ ও কৃষি উপকরণ সরবরাহ, হিমাগার নির্মাণ, কৃষিভিত্তিক ক্ষুদ্র শিল্প স্থাপন এবং মৎস্য খাতে ফিস প্রসেসিং সেন্টার স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়। ব্যবসায়ীদের জন্য চাঁদাবাজিমুক্ত পরিবেশ নিশ্চিত ও ক্ষুদ্র-মাঝারি শিল্পে সহায়তার কথাও উল্লেখ করা হয়।
 

শিক্ষা খাতে নৈতিক ও আধুনিক পরিবেশ নিশ্চিত, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভবন বরাদ্দ এবং কওমি ও হাফিজিয়া মাদরাসায় নিয়মিত অনুদান প্রদানের উদ্যোগের কথা জানান তিনি।
 

স্বাস্থ্যসেবায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণ, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, আইসিইউ চালু, মা ও শিশুর স্বাস্থ্যসেবা জোরদার এবং বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বিতরণে স্বচ্ছতা নিশ্চিতের অঙ্গীকার করা হয়। পাশাপাশি পাঁচ বছরের নিচে শিশু ও ষাটোর্ধ্ব নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়।
 

যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে কাঁচা সড়ক পাকা, ক্ষতিগ্রস্ত ব্রিজ সংস্কার, হাট-বাজার উন্নয়ন, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং নাটোর থেকে সিরাজগঞ্জ পর্যন্ত রেললাইন স্থাপনের উদ্যোগের কথা তুলে ধরা হয়।
 

এছাড়া যুব সমাজের কর্মসংস্থান, নারীর মর্যাদা ও নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি, পরিকল্পিত নগরায়ন, ক্রীড়া ও সংস্কৃতি বিকাশ, পর্যটন উন্নয়ন, জ্বালানি ও বিদ্যুৎ খাতে উন্নয়ন এবং ডিজিটাল প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে ফ্রিল্যান্সিং ও অনলাইন উদ্যোক্তা তৈরির পরিকল্পনার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।
 

সবশেষে তিনি নাটোর-৪ আসনের বিশিষ্টজনদের নিয়ে একটি উন্নয়ন ফোরাম গঠনের ঘোষণা দিয়ে বলেন, এই ফোরাম ও ১১ দলীয় জোটের নেতৃবৃন্দের পরামর্শক্রমে ইশতেহার বাস্তবায়ন নিশ্চিত করা হবে।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বড়াইগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক। এতে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক হাবিবুর রহমান, গুরুদাসপুর উপজেলা আমীর অধ্যাপক আব্দুল আলীম, মহাকাশ বিজ্ঞানী ফজলুল হক, ফিউচার ব্রিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান আমিনুল ইসলাম শান্ত, এনসিপির জেলা যুগ্ম সদস্য সচিব হাফিজুর রহমান ময়না, খেলাফতে মজলিস বড়াইগ্রামের উপদেষ্টা মাওলানা ওমর ফারুকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 

ইশতেহার ঘোষণার শেষে মাওলানা আব্দুল হাকিম বলেন, “ক্ষমতার নয়, দায়িত্বের রাজনীতি করতে চাই। দাড়িপাল্লায় ভোট দিয়ে সেবা করার সুযোগ দিন। হ্যাঁ-এ ভোট দিন, পরিবর্তনে অংশ নিন।”