বরিশাল, প্রতিনিধি:
সংবাদ প্রকাশকে কেন্দ্র করে পটুয়াখালীর কুয়াকাটায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত দৈনিক দেশ রূপান্তর-এর কুয়াকাটা প্রতিনিধি সাংবাদিক কে এম বাচ্চু খলিফাকে দেখতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে গেছেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ।
শনিবার (২৫ জুলাই) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক বাচ্চুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন কমিটির জেলা সভাপতি নিকুঞ্জ বালা পলাশ। এ সময় কার্যনির্বাহী কমিটির সদস্য এম মোফাজ্জেল, জিয়া উদ্দীন বাবু, সাংগঠনিক সম্পাদক মো. মামুন অর রশিদ, ক্রীড়া সম্পাদক আহমেদ বায়েজিদ, সদস্য লিটন ও কাজী সাইফুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা সভাপতি নিকুঞ্জ বালা পলাশ বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি আহত সাংবাদিকের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনি আহ্বান জানান।
জানা গেছে, শুক্রবার (২৪ জুলাই) রাত প্রায় ১১টার দিকে কুয়াকাটা সৈকত হোটেলের সামনে মোবাইল ফোনে কথা বলার সময় সাংবাদিক কে এম বাচ্চু খলিফার ওপর অতর্কিত হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। হামলাকারীরা হাতুড়ি দিয়ে তার মাথা ও পায়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতারা হামলার সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং সাংবাদিকদের নিরাপত্তা জোরদারে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।