টাঙ্গাইল, ৪ মার্চ, ২০২৬ (বাসস) : টাঙ্গাইলে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ জনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার রাতে সখীপুর উপজেলার হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের ইন্নত খা গ্রামে রাতভর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ৪ জনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী।
কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তিরা হলেন, মির্জাপুর উপজেলার নয়াপাড়া এলাকার আয়নাল হকের ছেলে মো.জাহাঙ্গীর আলম (৩৭), ইন্নত খা চালার রহম আলী সিকদারের ছেলে আবুল কালাম আজাদ (৪২), বেলতৈল এলাকার নুরুল ইসলাম মল্লিকের ছেলে আল-আমিন মল্লিক (২৪), বাঁশতৈল এলাকার নজরুল ইসলামের ছেলে মিলন (২৪)।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অবৈধভাবে মাটি কাটার দায়ে ভূমি সংশোধন-২০২৩ আইন অনুসারে অভিযুক্ত ব্যক্তিদের ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ জনকে ৬ মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে বলেও জানান তিনি।
অভিযান পরিচালনার সময় পুলিশ, বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা, বিট অফিসার ও সখিপুর উপজেলা নির্বাহী অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।