গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলীয় কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে অসন্তোষের জেরে একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির আরও ছয় নেতা।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা নতুন বাজারে সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেন।
পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা হলেন পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ, দপ্তর সম্পাদক সজীব ফকির, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ এবং সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান, দীর্ঘদিন ধরে পাটগাতী ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে সাম্প্রতিক সময়ে দলের কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে তাঁরা সন্তুষ্ট নন। এ কারণে প্রাথমিক সদস্যপদসহ ইউনিয়ন বিএনপির সব পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতে বিএনপির কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডেও যুক্ত থাকবেন না বলে জানান তারা।
এ বিষয়ে জানতে পাটগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলুকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
উল্লেখ্য, এর আগে ১৭ থেকে ২১ নভেম্বরের মধ্যে বিভিন্ন সময়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৩ নেতাকর্মী সংবাদ সম্মেলন ও ফেসবুক পোস্টের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন।