নরসিংদীতে পুলিশের সপ্তাহব্যাপী বিশেষ অভিযান: গ্রেপ্তার ২৩৭, উদ্ধার ৮,৬৩৩ ইয়াবা ও ২৪৯ কেজি গাঁজা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ আগu ২০২৬ ০৯:০১ পূর্বাহ্ণ   |   ৪৯ বার পঠিত
নরসিংদীতে পুলিশের সপ্তাহব্যাপী বিশেষ অভিযান: গ্রেপ্তার ২৩৭, উদ্ধার ৮,৬৩৩ ইয়াবা ও ২৪৯ কেজি গাঁজা

মোস্তফা মিয়া, নরসিংদী:

 


 

নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। গত ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন মামলায় ২৩৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৩০৫টি গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি করেছে পুলিশ।
 

অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি এলজি ও ১২ রাউন্ড তাজা গুলি/কার্তুজসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পাশাপাশি ৮ হাজার ৬৩৩ পিস ইয়াবা, ২৪৯ দশমিক ৩৫ কেজি গাঁজা, ৪৯ বোতল ফেনসিডিল, ৮ বোতল ESKUF কফ সিরাপ এবং ৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।
 

১ কোটি ১০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ঢাকা-সিলেট মহাসড়কসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১০ লাখ ৩৭ হাজার ১০০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, সাবান, তেল, ফেসওয়াশ, ক্রিম ও সিগারেট। এ ঘটনায় একটি কাভার্ড ভ্যান জব্দের পাশাপাশি সংশ্লিষ্ট একজনকে আটক করা হয়।
 

রায়পুরায় নৌ-অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার

রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর, চর আড়ালিয়া, আমিরগঞ্জ এবং মেঘনা নদীর দুর্গম চরাঞ্চলে যৌথ নৌ-অভিযান চালানো হয়। এ সময় ২২৪ কেজি গাঁজা, একটি বিদেশি পিস্তল, একটি এলজি, গুলি/কার্তুজ, বুলেটপ্রুফ জ্যাকেটসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসব ঘটনায় মাদক ও অস্ত্র সংশ্লিষ্ট একাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
 

অন্যদিকে, শিবপুরের দক্ষিণ কারারচর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় পণ্যসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করে। পৃথক অভিযানে ২৪ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে সংশ্লিষ্ট মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়।
 

বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার

বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি এলজি ও ১২ রাউন্ড তাজা গুলির পাশাপাশি ২১টি টেটা, ৭টি চাপাতি, ২০টি ছুরি, ৯টি রামদা, একটি কুড়াল, একটি হাতুড়ি ও ৫টি চাকু উদ্ধার করা হয়েছে। এছাড়া দুটি সেট বুলেটপ্রুফ জ্যাকেট, একটি ঢাল, একটি হেলমেট এবং আনুমানিক ২০০টি মার্বেলও জব্দ করা হয়।
 

২৪ ঘণ্টায় যুবক হত্যার রহস্য উদঘাটন

মনোহরদী উপজেলার কীর্তিবাসদী গ্রামে এক যুবক হত্যার ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা আতাউর রহমান মিস্ত্রিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কুড়াল উদ্ধার করা হয়।
 

ট্রাফিক অভিযানে ৩৫ মোটরসাইকেল আটক

জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে ট্রাফিক পুলিশের বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় ১ হাজার ৮৬৬টি যানবাহন তল্লাশি করা হয়। অভিযানে ৩৫টি মোটরসাইকেল আটক এবং যানবাহন-সংক্রান্ত ৩০১টি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ৯ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
 

সাংবাদিকদের ব্রিফ করলেন পুলিশ সুপার

সপ্তাহব্যাপী বিশেষ অভিযানের সার্বিক ফলাফল তুলে ধরে মঙ্গলবার (২৫ আগস্ট) নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।
 

ব্রিফিংয়ে তিনি বলেন, অবৈধ অস্ত্র, মাদক, চোরাচালান ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধী ও অপরাধীচক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি, অভিযান এবং আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।