বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের গত টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তের পেছনের কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. এ কে এম অলি উল্যা।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা স্বাক্ষরিত নোটিশে কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সর্বশেষ টি–টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ অংশ নেয়নি। বিসিবি প্রথমে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানালেও তা গ্রহণ করা হয়নি। এরপর তৎকালীন অন্তর্বর্তী সরকারের নির্দেশে টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সরকারের পক্ষ থেকেও জানানো হয়, বিষয়টি ছিল নিরাপত্তা-সংক্রান্ত সিদ্ধান্ত।
এর আগে কিছু নিরাপত্তাজনিত উদ্বেগ এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটেই বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তটি নেওয়া হয় বলে বিভিন্ন সূত্রে জানা যায়।
এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরই বিষয়টি পুনরায় পর্যালোচনার ঘোষণা দেন প্রতিমন্ত্রী আমিনুল হক। তারই ধারাবাহিকতায় এখন আনুষ্ঠানিকভাবে তদন্ত কমিটি গঠন করা হলো।
কমিটি গঠনের মাধ্যমে পুরো ঘটনার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, নীতিগত কারণ এবং সংশ্লিষ্ট দিকগুলো যাচাই করা হবে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।