পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের তেজদাসকাঠী কলেজসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর আলহাজ্ব আব্দুস সোবহানের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) তেজদাসকাঠী কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মাহমুদুর রহমান মামুন।
তেজদাসকাঠী কলেজ গভর্নিং বডির সভাপতি ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, তেজদাসকাঠী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিউলী খানম এবং কলেজটির সাবেক অধ্যক্ষ দিলীপ কুমার মিস্ত্রী।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের প্রধান শিক্ষক, তেজদাসকাঠী কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মরহুম আলহাজ্ব আব্দুস সোবহানের শিক্ষা বিস্তার, ধর্মীয় প্রতিষ্ঠান গঠন এবং সমাজ উন্নয়নে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, একজন দানবীর ও সমাজহিতৈষী ব্যক্তি হিসেবে তিনি মানুষের হৃদয়ে আজও অম্লান হয়ে আছেন।
সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।