এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৩ অপরাহ্ণ   |   ২ বার পঠিত
এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:



সাতক্ষীরার শ্যামনগরে সাবেক জামায়াত নেতা ও সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি গ্রামে তার বাবা মাসুম বিল্লাহর পৈতৃক বাড়িতে মরিয়মকে দাফন করা হয়।

 

এর আগে রাত ১১টার দিকে মরিয়মের মরদেহ বাড়িতে পৌঁছায়। ঢাকা থেকে দুপুরে রওনা দেওয়া মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি রাত সাড়ে ১০টার দিকে নীলডুমুর খেয়াঘাটে পৌঁছে। পরে ইঞ্জিনচালিত নৌকায় করে মরদেহটি চৌদ্দরশি গ্রামের বাড়িতে নেওয়া হয়।
 

স্থানীয় মসজিদের ইমাম নুরুল হুদা মরিয়মের জানাজার নামাজে ইমামতি করেন। জানাজায় মরিয়মের বাবা মাসুম বিল্লাহ, পরিবারের স্বজন এবং স্থানীয় ২০ থেকে ২৫ জন মুসল্লি অংশ নেন। তবে জানাজায় এমপি গাজী নজরুল ইসলামের পরিবারের কোনো সদস্যকে দেখা যায়নি।
 

দাফন ও জানাজাকে ঘিরে এলাকায় পুলিশের উপস্থিতি ছিল। শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) অনিরুদ্ধসহ পুলিশের অন্যান্য সদস্য সেখানে দায়িত্ব পালন করেন।
 

উল্লেখ্য, রোববার সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের নির্ধারিত একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।