গোমতী রক্ষায় মুরাদনগরে সেনাবাহিনী-প্রশাসনের যৌথ অভিযান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ এপ্রিল ২০২৬ ০৬:০১ অপরাহ্ণ   |   ৩৭ বার পঠিত
গোমতী রক্ষায় মুরাদনগরে সেনাবাহিনী-প্রশাসনের যৌথ অভিযান

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

 

গোমতী নদীর তীর রক্ষা ও পরিবেশ সংরক্ষণে কুমিল্লার মুরাদনগরে অবৈধ মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। দীর্ঘদিনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এই অভিযান স্থানীয়ভাবে ব্যাপক গুরুত্ব বহন করছে।

রবিবার (২৯ মার্চ) সকাল ১০টা থেকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের আওতাধীন মুরাদনগর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খাঁন। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোমতী নদীর তীরবর্তী নবীপুর (পশ্চিম) ইউনিয়নের মালিশাইর ও ধামঘরসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে উর্বর মাটি উত্তোলন করে তা ইটভাটা ও কৃষিজমি ভরাটে ব্যবহার করা হচ্ছিল। এতে নদীর তীর ভাঙন ও প্রতিরক্ষা বাঁধ ঝুঁকির মুখে পড়ার পাশাপাশি পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল।

অভিযান চলাকালে অবৈধ মাটি উত্তোলনে ব্যবহৃত একাধিক ড্রেজার ও এক্সকাভেটর বিকল করে দেওয়া হয় এবং মাটিবাহী ট্রাক্টর জব্দ করা হয়। সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন বলেন, “গোমতী নদীর তীর রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নদী ও কৃষিজমি ধ্বংস করে কেউ মাটি উত্তোলন করতে পারবে না। এ ধরনের কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, নদী রক্ষায় এ ধরনের নিয়মিত ও কার্যকর উদ্যোগ অব্যাহত থাকলে ভাঙন ও পরিবেশ বিপর্যয় অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখা গেলে নিকটস্থ সেনা ক্যাম্পে দ্রুত অবহিত করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।