মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
অভিনেতা সমু চৌধুরী জানান, দুপুরে বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি মোটরসাইকেল গ্যারেজের মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের মালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁর মাথায় চারটি সেলাই দেন।
তবে হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে দাবি করেছেন গ্যারেজের মালিক হৃদয়। তিনি জানান, সমু চৌধুরীর সঙ্গে কথা-কাটাকাটির সময় মা-বোন তুলে গালিগালাজ করার অভিযোগে মেকানিক জাহাঙ্গীর তাঁকে ফোন করে হামলার কথা জানিয়েছেন।
অভিনেতার ওপর এ হামলার ঘটনায় সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব ও স্থানীয় বাসিন্দারা নিন্দা জানিয়েছেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, ঘটনার পর ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।