৮০ শতাংশ চিকিৎসক শহরে থাকাটা স্বাস্থ্যসেবায় বড় চ্যালেঞ্জ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ জুন ২০২৬ ০৪:০০ অপরাহ্ণ   |   ৪৪ বার পঠিত
৮০ শতাংশ চিকিৎসক শহরে থাকাটা স্বাস্থ্যসেবায় বড় চ্যালেঞ্জ

দেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করলেও চিকিৎসকদের বড় অংশ শহরকেন্দ্রিক হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি বলেন, দেশের ৮০ শতাংশ মানুষ গ্রামে থাকলেও ৮০ শতাংশ চিকিৎসক শহরে কর্মরত রয়েছেন, যা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ।

 

বৃহস্পতিবার ঢাকায় জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

 

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শুধু চিকিৎসকদের ওপর নির্ভর করে স্বাস্থ্যখাতের উন্নয়ন সম্ভব নয়। দেশে নার্স ও মিডওয়াইফেরও ব্যাপক সংকট রয়েছে। বর্তমান জনবলের তুলনায় অন্তত ৩ থেকে ৫ শতাংশ বৃদ্ধি প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

 

তিনি আরও বলেন, চিকিৎসক ও প্রকৌশলীদের বিদেশে যাওয়ার বিষয়টি নিয়ে অনেক আলোচনা হলেও রেমিট্যান্সের ক্ষেত্রে সাধারণ শ্রমিকরাই সবচেয়ে বেশি অবদান রাখেন। তাই শুধু বেশি সংখ্যক চিকিৎসক ও প্রকৌশলী বিদেশে গেলে রেমিট্যান্স বাড়বে—এমন ধারণার সঙ্গে তিনি একমত নন। তবে গবেষণা ও উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশে যাওয়াকে তিনি ইতিবাচক হিসেবে দেখেন।

 

ডা. এম এ মুহিত বলেন, বর্তমানে দেশ থেকে ব্যাপকভাবে চিকিৎসক ও নার্স বিদেশে পাঠানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি।

 

তিনি জানান, ভবিষ্যতে মহামারি ও সংক্রামক রোগ মোকাবিলায় সরকার প্রস্তুতি জোরদার করছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ বাজেটেও অন্তর্ভুক্ত করা হয়েছে।