রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভেন্টিলেটর সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিচ্ছে সরকার। আগামীকাল সোমবার সকালে রামেক হাসপাতালে চারটি ভেন্টিলেটর মেশিন সরবরাহ করা হবে। স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী ভেন্টিলেটরগুলো সেখানে নিয়ে যাবেন।
রোববার স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে রূপগঞ্জে অনুষ্ঠিত ‘১৭তম এশিয়া ফার্মা এক্সপো’-তে অংশ নিয়ে এসব তথ্য জানান।
তিনি বলেন, চারটি ভেন্টিলেটর সরবরাহের পাশাপাশি আরও ১২টি ভেন্টিলেটর পাওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে।
মন্ত্রী বলেন, হাসপাতালে সংকট নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনাও করা হচ্ছে। এসময় রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে ১১ দিনে ভেন্টিলেশনের অভাবে ৩৩ শিশুর মৃত্যুতে দুঃখপ্রকাশ করেন মন্ত্রী।
এদিকে দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় টিকাদান কর্মসূচির কথা ভাবছে হবে। যেসব শিশু এখনো হামের টিকা পায়নি, তাদের আওতায় আনতে সরকার ৬০৪ কোটি টাকার বিশেষ বরাদ্দ দিয়েছে। টিকা সংগ্রহ সম্পন্ন হলে সারাদেশে বিশেষ ক্যাম্পেইন চালানোর কথাও ভাবছে সরকার।